
নিউজ ডেস্ক : আওয়ামিলীগের ২০তম ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনের পর এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। উদ্বোধনের পর সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করা হয়। এতে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারী ব্যক্তিদের স্মরণ করা হয়। স্মরণ করা হয়, সেসব মহান বাঙালিকে যারা নানা সময় রাজনৈতিক অস্থিরতার সময়ে দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছেন।
শোক প্রস্তাবে যাদের স্মরণ করা হয়েছে তারা হলেন, ১৯৭৫ সালে নিহত সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যগণ, কারাগারে নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান। স্মরণ করা হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল শহীদদের।
সম্মেলনে স্মরণ করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ অনেক মহান বাঙালির নাম যারা বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শোকপ্রস্তাব পাঠের পর এক মিনিট নিরবতা পালন করা হয়।