
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘সম্মেলনে নতুন কী কী চমক থাকবে সে বিষয়টি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আমি ছাড়া অন্য কেউ জানে না।’ দলটির ২০তম সম্মেলনে অংশ নিতে আসা বিদেশি মেহমানদের সম্মানে দেওয়া নৈশভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল রাতে তিনি এ কথা বলেন। বিদেশি অতিথিদের রাজধানীর সোনারগাঁও হোটেলে রাখা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে কি না জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘আসতেও পারে। কাউন্সিল যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। এটা কাউন্সিলের ওপর নির্ভর করে।’ দলের সাধারণ সম্পাদক পদে এক নেতার নাম ধরে স্লোগান দেওয়া হচ্ছে—সাংবাদিকরা এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এসব স্লোগানে কোনো কাজ হবে না।
কাউন্সিল ঘিরে নানা গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো আলোচনা, কানাঘুষা। এর চেয়ে বেশি কিছু নয়। আমি জানি কী হবে। আমি আর সভানেত্রী জানি, আর কেউ জানে না।’ সম্মেলনের চমক জানতে কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে পরামর্শ দেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, ‘সাধারণত পলিটিক্যাল পার্টিতে খুব চমক কিছু আসে না, ধারাবাহিকতা, রাজনীতি হলো ধারাবাহিকতা। আপনাদের অপেক্ষা করতে হবে। না হলে এখনই বললে তো সেই চমকটা আর থাকবে না।’
নতুন কমিটিতে পরিবর্তন প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় কাউন্সিলে খুব বেশি পরিবর্তন আসে না। কিছু পরিবর্তন হয়। যারা বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ আছেন তাঁদের বাদ দিয়ে নতুন সংযোজন করা হয় আর কি। প্রবীণ ও নবীনের সমন্বয়ে এই নতুন কমিটি করা হবে। উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে।’ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে আশরাফ বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। শনিবারের মধ্যে শেষ হবে।’