
নিউজ ডেস্কঃ পরিবেশ রক্ষার্থে রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুক্তি বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করতেই হবে। এ চুক্তি বাতিল করতে যতো দেরি করবেন, ততোই সুন্দরবনের ক্ষতি হবে।
আজ দুপুরে নগরীর মালগুদাম রোডে সিপিবি’র কার্যালয়ের সামনে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রতিবাদে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোকছেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সমন্বয় পরিষদ গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ডা. সুজিত বর্মণসহ প্রমুখ।
আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন রক্ষার আন্দোলন হচ্ছে মানুষ রক্ষার আন্দোলন, বাংলাদেশ রক্ষার আন্দোলন। কলকাতায়ও দু’বার রামপালবিরোধী সমাবেশ হয়েছে। ভোট দেওয়ার যদি সুযোগ থাকে তাহলে শতকরা ৯৯ ভাগ মানুষ রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে ভোট দেবে। এর মধ্যে সরকারি দলের লোকজনও রয়েছেন।
পরে বিকেল ৩টায় গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘সুন্দরবন: রামপাল’ শীর্ষক আলোচনা ও প্রশ্নোত্তর সভা হওয়ার কথা থাকলেও তা বাতিল করেছে জেলা প্রশাসকের কার্যালয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ খানের সই করা এক চিঠিতে এমনটি জানা যায়। এর প্রতিবাদে বিকেল ৪টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গণসংহতি আন্দোলন।