
নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় দুই সন্তানের মারামারি ঠেকাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়েছেন মা যমুনা খাতুন। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা শহরের অদুরে আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা গ্রামে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ওই গ্রামের আবদুস সবুরের দুই ছেলে নাজমুল ও আল আমিন নারকেল পাড়া নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। রাতে তারা দুজনে মারামারি করতে থাকে। জানতে পেরে তাদের মা যমুনা খাতুন ( ৪৫) তাদের ঠেকাতে ঘর থেকে বের হন। তিনি নিজেদের কলপাড় পর্যন্ত যেতেই পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান এটি কোনো হত্যাকাণ্ড নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, লাশের ময়না তদন্ত হবে ।