News71.com
 Bangladesh
 21 Oct 16, 05:41 PM
 299           
 0
 21 Oct 16, 05:41 PM

জেলা প্রশাসনের অভিযানে শেষে পাল্টে গেল চট্টগ্রামের সবজি বাজার

জেলা প্রশাসনের অভিযানে শেষে পাল্টে গেল চট্টগ্রামের সবজি বাজার

 

নিউজ ডেস্কঃ আজ সকালে নগরীর কাঁচা পণ্যের বৃহত্তম পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার, বিবিরহাট কাঁচা বাজার, ফইল্যাতলী কাঁচা বাজার, কর্ণফুলি কমপ্লেক্স কাঁচা বাজার, চকবাজার কাঁচা বাজার ও কাজীর দেউড়ি কাঁচা বাজারে অভিযানে যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকালে বাজার মনিটরিং কমিটির অভিযানের মুখে সবজির দাম প্রতি কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমলেও বিকেলে আগের দামেই সবজি বিক্রি করছেন বিক্রেতারা। অভিযানের সময় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মূল্য তালিকা টাঙ্গানো ও সবজি ক্রয়ের রশিদ রাখাসহ কয়েকটি নির্দেশনা দেয় বাজার মনিটরিং কমিটি।

অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি বলেন, বাজারে সবজির দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বেশি দামে সবজি কেনার কথা বললেও ক্রয়ের রশিদ দেখাতে পারেনি।

“আজকে আমরা কাউকে জেল-জরিমানা করিনি। অতিরিক্ত মুনাফা না করার বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়েছি। এরপর থেকে অভিযানে অতিরিক্ত মুনাফাকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।”

বিকালে রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায়, কাকরল, ঝিঙে, কড়লা, ঢেড়শ ও বরবটি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে, যেগুলো সকালের দিকে পাঁচ টাকা কমে বিক্রি হয়।

এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে আগের দামে ৮০ টাকায়। শিমের দাম কেজিতে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। শীতের সবজি মুলা পাওয়া যাচ্ছে ৬০ টাকা কেজিতে। প্রতিকেজি কাঁচা মরিচ আগের দাম ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

সকালে এক দাম ও বিকেলে আরেক দাম কেন- জানতে চাইলে রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলির সবজির খুচরা বিক্রেতা সবুর মিয়া বলেন, বাজারে সবজি কমে গেলে দাম একটু বাড়ে। সকালের সবজির সরবরাহ ভাল ছিল।

রিয়াজউদ্দিন বাজারের মুরগিহাটা লেইনের মেসার্স চেয়ারম্যান আড়তের কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, সপ্তাহ দুয়েক আগে হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সবজিক্ষেতের ব্যাপক ক্ষতি করেছে। “তাই পাইকারিতে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ মাসের মধ্যে সবজির বাজারে উত্তাপ কমে আসবে”।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন