
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে সোনারগাঁও এলাকায় বাস-লেগুনা-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে মজিবুর (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।
আজ দুপুর ১টার দিকে সোনারগাঁও নলাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লেগুনা যাত্রী আহত মিনারা বেগম সাংবাদিকদের জানান, সোনারগাও নলাটি এলাকায় একটি যাত্রীবাহী বাস লেগুনাকে ধাক্কা দেয়। এ ঘটনায় মোট ১১জন আহত হন। এর মধ্যে লেগুনার যাত্রী মজিবুর, আমজাদ হোসেন (৪০) ও আল মামুন (১৩) গুরুতর আহত হন।
পরে আহতের সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মজিবুরকে মৃত ঘোষণা করেন। আহত আমজাদের ভাই ফাইফুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটিকে একটি ট্রাক পেছন দিকে থেকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাকে ধাক্কা দেয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া সাংবাদিকদের দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।