
নিউজ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বিকাল সাড়ে ৩টার দিকে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে বলে পার্বতীপুর মডেল থানার এসআই মতিউর রহমান জানান।
এরা হলেন- উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আত্রাই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে সুমাইয়া আকতার সোমা (১৪) ও হামিদুল আলমের মেয়ে হামিদা বেগম (১৩) ।
এসআই মতিউর বলেন, বিকালে বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে নামেন সুমাইয়া ও হামিদা। এক পর্যায়ে একটি গর্তে পড়ে যায় তারা। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুজনের লাশ উদ্ধার করে।
অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। গর্তের চারপাশের বালু চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পলাশবাড়ী ইউনিয়নের সদস্য শাহনেওয়াজ।