News71.com
 Bangladesh
 20 Oct 16, 11:17 PM
 396           
 0
 20 Oct 16, 11:17 PM

তালাবদ্ধ কনটেইনারে চট্টগ্রাম থেকে বিশাখাপট্টনম গেল মানুষটি!

তালাবদ্ধ কনটেইনারে চট্টগ্রাম থেকে বিশাখাপট্টনম গেল মানুষটি!

নিউজ ডেস্কঃ ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনম বন্দরে একটি কনটেইনার থেকে মধ্যবয়সী এক বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বন্দরের অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।


১২ দিন ধরে এই মানুষটি কনটেইনারের ভেতরে ছিলেন। ভারতের পুলিশ বলছে, তাঁর নাম রোহান হোসেন। বন্দর কর্মকর্তারা প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার পর বুধবার তালাবদ্ধ কনটেইনারটি খোলেন। সেখানে জীর্ণশীর্ণ ও অসুস্থ লোকটিকে দেখতে পান।

এ ঘটনা নিয়ে ভারতের দ্য হিন্দু, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বেশ কয়েকটি গণমাধ্যমের অনলাইন সংস্করণে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যে কনটেইনার থেকে রোহানকে উদ্ধার করা হয়েছে, সে কনটেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে ভারত গেছে। ৭ অক্টোবর বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ২ নম্বর জেটি থেকে বিশাখাপট্টনম বন্দরের উদ্দেশে ছেড়ে যায় কনটেইনারবাহী জাহাজ এমভি সিনার বাটাম।

গত বছরের ২৬ মার্চ মংলা বন্দরে একটি খালি কনটেইনার থেকে আবু তাহের নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। এই কনটেইনারটিও চট্টগ্রাম বন্দর থেকে মংলা বন্দরে পাঠানো হয়েছিল। এর আগে ২০১১ সালের ১০ এপ্রিল সিঙ্গাপুর বন্দরের একটি টার্মিনালে খালি কনটেইনার থেকে দুই বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করা হয়। তাঁদের একজন ছিলেন মৃত। এই কনটেইনারটিও চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো হয়েছিল।

বিশাখাপট্টনম বন্দরে খালি কনটেইনার থেকে বাংলাদেশি শ্রমিককে উদ্ধারের বিষয়ে চট্টগ্রাম বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম বলেন, তাঁরা এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন