News71.com
 Bangladesh
 20 Oct 16, 08:58 PM
 347           
 0
 20 Oct 16, 08:58 PM

বাংলাদেশ থেকে ভারতে পাট রফতানিতে এন্টি ডাম্পিং ডিউটি আরোপের সিদ্ধান্তে ডিসিসিআইয়ের উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ থেকে ভারতে পাট রফতানিতে এন্টি ডাম্পিং ডিউটি আরোপের সিদ্ধান্তে ডিসিসিআইয়ের উদ্বেগ প্রকাশ

নিউজ ডেস্কঃ ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ এন্টি ডাম্পিং অ্যান্ড এলাইড ডিউটিজ (ডিজিএডি) কর্তৃপক্ষের সুপারিশের আলোকে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য ভারতে রফতানির ক্ষেত্রে সেদেশের সরকার সম্প্রতি এন্টি ডাম্পিং শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ভারত সরকারের এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বলেছে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বাংলাদেশের পাট চাষী এবং পাট পণ্য উৎপাদনকারী ও রফতানিকারকরা প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন এবং ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ব্যবধান আরো বৃদ্ধি পাবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা চেম্বার জানায়, ভারত বাংলাদেশের জন্য অন্যতম বৃহৎ পাট ও পাটজাত আমদানিকারক দেশ। এন্টি ডাম্পিং শুল্ক আরোপিত হলে বাংলাদেশ থেকে ভারতে পাট রফতানি বাধাগ্রস্থ হবে যা দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমান হ্রাসে প্রভাব ফেলবে।

এমতাবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারী দপ্তরকে এন্টি ডাম্পিং শুল্ক আরোপ প্রক্রিয়ার কৌশলগত দিকসমূহ পর্যালোচনা এবং এ বিষয়টি পূণর্বিবেচনার্থে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে দ্বি-পাক্ষিক আলোচনার জন্য ডিসিসিআই বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে।

একইসাথে সংগঠনটি দু’দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সুসম্পর্কের বিষয় বিশেষ বিবেচনায় নিয়ে বাংলাদেশ থেকে ভারতে রফতানিকৃত পাট ও পাটজাত পণ্যের ওপর এন্টি ডাম্পিং শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছে।

ডিসিসিআই মনে করছে, বাংলাদেশ যখন ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে কাজ করছে,সে সময় এ ধরনের সিদ্ধান্ত দুদেশের বাণিজ্য সম্প্রসারণেকে ব্যাহত করবে।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত ভারতের জুট মিলস্ এসোসিয়েশন, স্থানীয় উদ্যোক্তা তাঁদের বাজার সুরক্ষায় বাংলাদেশের পাট পণ্য রফতানির ওপর এন্টি ডাম্পিং শুল্ক আরোপের দাবী জানিয়ে আসছে। এর প্রেক্ষিতে ভারত সরকার সম্প্রতি এন্টি ডাম্পিং শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে
প্রসঙ্গত, ভারতের এন্টি ডাম্পিং কর্তৃপক্ষ ভারতের স্থানীয় বাজার ও ব্যবসায়ীদের সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ ও নেপাল থেকে পাট ও পাট পণ্য আমদানির ক্ষেত্রে ২৫-৩০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে।

বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ভারতে শূন্য শুল্কে পাট ও পাটজাত পণ্য রফতানি করে আসছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে বাংলাদেশ ২০১৬ অর্থবছরে প্রায় ৯১৯ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলারের পাট ও পাটজাত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রফতানি করেছে যার ২০ শতাংশ কেবলমাত্র ভারতের বাজারেই রফতানি হয়ে থাকে।ভারতীয় অভ্যন্তরীন বাজারে যার পরিমাণ প্রায় ৮ শতাংশ। এছাড়া বাংলাদেশ শুধু ভারতের বাজারে প্রতি বছর ১ দশমিক ১০ লাখ টন পাটের সুতা রফতানি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন