
নিউজ ডেস্ক: বিএনপি সরকার সময়ে নানা নির্যাতন ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আজ বলেছেন, আমি রংপুরের মানুষের দোয়ায় আজও বেঁচে আছি। এখন অপেক্ষায় আছি দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কবে কারাগারে যান। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরের একটি হোটেলে রংপুর বিভাগের আট জেলা ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি-সম্পাদকদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রাখতে পারছে না। আর তাদের এ আস্থা ফেরাতে হলে দলকে শক্তিশালী করতে হবে। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। সে ঘাঁটিতে ফাটল ধরেছে। তা এখন শক্ত হাতে তা ঠিক করতে হবে। কি পেলাম আর কি পেলাম না সে চিন্তা না করে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের সবকটি আসনেই জাতীয় পার্টির প্রার্থীকে জয়ী করতে হবে। তখন তিনি আগামী ২০ নভেম্বর রংপুর জিলা স্কুল মাঠে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় মহাসমাবেশের ঘোষণা দেন।
‘দেশে অভাব নেই, অভাবী মানুষ নেই’—সরকারের এমন দাবির সমালোচনা করে জাপা চেয়ারম্যান এরশাদ বলেছেন, অভাবী মানুষ যদি নাই-ই থাকবে তাহলে ১০ টাকা কেজি দরে চাল কাকে দেওয়া হচ্ছে?
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেছেন, বর্তমানে বিএনপির মাঠে নামার শক্তি নেই। ভবিষ্যতে নামতে পারবে কি না সেটা আল্লাহ জানেন। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। এবার মানুষের চাওয়া কাজে লাগাতে হবে। বিএনপি সরকার আমলের নানা নির্যাতন ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেছেন, আমি রংপুরের মানুষের দোয়ায় আজও বেঁচে আছি, আমি মরিনি। এখন আমি অপেক্ষায় আছি খালেদা জিয়া দুর্নীতির দায়ে কবে কারাগারে যান।
এ বৈঠকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন, সদস্যসচিব হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্যসচিব এস এম ইয়াসির প্রমুখ।