News71.com
 Bangladesh
 20 Oct 16, 06:56 PM
 323           
 0
 20 Oct 16, 06:56 PM

বিএনপি নেতা মির্জা আব্বাসসহ ৩ জনের বিচার শুরু       

বিএনপি নেতা মির্জা আব্বাসসহ ৩ জনের বিচার শুরু        

 

নিউজ ডেস্ক: দুর্নীতির একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ ৩ জনের বিরুদ্ধে বিচার শুরু করেছেন আদালত। আর অপর দুই আসামি হলেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির ও সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আমিনুল হক বিচার শুরু করার এ আদেশ দেন। একই সঙ্গে আদালত মামলার অপর দুইজন আসামি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হিসাবরক্ষক মনসুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছেন। উল্লেখ্য এ মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১লা জানুয়ারি ধার্য করা হয়েছে।

এ মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় আলমগীর কবির বিগত ২০০৬ সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি নামে একটি সংগঠনকে নামমাত্র মূল্যে মিরপুরে ৭ একর জমি বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বাজারমূল্যের চেয়ে কম দামে ওই জমি বরাদ্দ দিয়ে রাষ্ট্রের ১৫ কোটি ৫২ লক্ষ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করে। এই অভিযোগ এনে বিগত ২০১৪ সালের ৩ মার্চ রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।

এ মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ঝিলমিল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে নকশা করা জমি বিনা কারণে বাতিল করে ঢাকা সাংবাদিক সমবায় সমিতির অনুকূলে বরাদ্দ দেন গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির। তখন ওই সময় গণপূর্তমন্ত্রী ছিলেন মির্জা আব্বাস।

পরে তদন্ত শেষে গত বছরের ১২ ফেব্রুয়ারি মির্জা আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন দুদকের উপপরিচালক হামিদুল হাসান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন