
নিউজ ডেস্কঃ গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থেকে অপহৃত চিকিৎসক রিয়াদ নাসের চৌধুরী বাড়ি ফিরেছেন। অপহরণের তিন সপ্তাহ পর আজ বাড়ি ফিরে এসেছেন তিনি। রিয়াদ নাসের চৌধুরী মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা।
পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত কমিশনার কামাল হোসেন প্রিয়াদ নাসের চৌধুরীর ফিরে আসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গত ২৯ সেপ্টেম্বর ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে এই চিকিৎসককে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামা ছয় ব্যক্তি। এ ঘটনায় তাঁর ভাই মেধাদ নাসের চৌধুরী পল্লবী থানায় অপহরণ মামলা করেন।
এজাহারে রিয়াদের ভাই অভিযোগ করেন, তাঁর ধারণা, এক নারী চিকিৎসকের সাবেক স্বামীর পাঠানো অজ্ঞাতনামা লোকজন ওই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এর আগে গত ১৬ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর সেতারা কনভেনশন হলের সামনে থেকে রিয়াদকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল।