News71.com
 Bangladesh
 20 Oct 16, 06:34 PM
 337           
 0
 20 Oct 16, 06:34 PM

নদীর নাব্যতা বজায় রাখতে খনন অথবা ড্রেজিং জোরদার করার সুপারিশ

নদীর নাব্যতা বজায় রাখতে খনন অথবা ড্রেজিং জোরদার করার সুপারিশ

 

নিউজ ডেস্কঃ পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নদীর নাব্যতা বজায় রাখতে খনন অথবা ড্রেজিং জোরদার করার সুপারিশ করা হয়েছে। আজ সংসদ ভবনে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটি সদস্য পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, এ, কে, এম ফজলুল হক, মোঃ ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোছা: সেলিনা জাহান লিটা সভায় অংশগ্রহণ করেন।

সভায় চট্টগ্রাম জেলায় বোয়ালখালী ও রাউজান উপজেলার কর্ণফুলী নদী, বোয়ালখালী ও রাইখালী খাল এবং বাম ও ডান তীরের বিভিন্ন অংশে প্রতিরক্ষা কার্যক্রম, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলাধীন সোনারহাট ব্রীজের সন্নিকটে দুধকুমার নদীর ভাংগন হতে ভূরুঙ্গামারী মাদারগঞ্জ সড়ক রক্ষা ও উলিপুর উপজেলার গুনাইগাছ হয়ে বজরা সিনিয়র মাদ্রাসা পর্যন্ত তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ এবং কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলাধীন বৈরাগী হাট ও চিলমারী বন্দর ব্রহ্মপুত্র নদের ডান তীরের ভাংগণ হতে রক্ষা প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি সর্ম্পকে আলোচনা করা হয়। এছাড়াও প্রকল্পের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করা হয়।

কমিটি অগ্রাধিকার ভিত্তিতে জনবল নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

সভায় বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন