
নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে পাঁচ বাঙালি সংগঠনের ডাকে খাগড়াছড়িতে ঢিলেঢালা হরতাল চলছে। সাপ্তাহিক হাটবার হওয়ায় খাগড়াছড়ি জেলা সদরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুললেও বন্ধ রয়েছে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কের যান চলাচল। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এ ছাড়া জেলার অন্য উপজেলাগুলোতেও ঢিলেঢালা হরতাল পালনের খবর পাওয়া গেছে।
এদিকে, হরতালে শহরের কোথাও পিকেটারকে দেখা না গেলেও বাস টার্মিনাল ও উপজেলা পরিষদ এলাকায় তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, নাশকতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত ৬ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী ২০১৬ জাতীয় সংসদে পাশ হয়। এর আগে গত বৃহস্পতিবার হরতাল পালন করে বাঙালি সংগঠনগুলো।