News71.com
 Bangladesh
 20 Oct 16, 09:39 AM
 294           
 0
 20 Oct 16, 09:39 AM

গাজীপুরে স্কুলছাত্র হত্যা মামলায় ফাঁসির আদেশ।।

গাজীপুরে স্কুলছাত্র হত্যা মামলায় ফাঁসির আদেশ।।

নিউজ ডেস্কঃ গাজীপুরে স্কুলছাত্র মো. সেলিম হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকালে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া ওই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলেন গাজীপুর সদর উপজেলার ক্ষুদেবর্মী এলাকার হামিদ আলীর ছেলে নূরুল ইসলাম (৩২)।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৯ জানুয়ারি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. সেলিম ও তার বন্ধু মো. রাকিব হোসেনকে নিয়ে বড়ই খাওয়ার জন্য বাড়ির কাছে খুন্দিয়া গ্রামের সোবহানের স্ত্রী হাসনারা বেগমের বাড়িতে যায়। এ সময় ওই বাড়ির কেয়ারটেকার মো. নুরুল ইসলাম কাঠ কাটার একটি বাটাল নিয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে মো. সেলিমকে ধরে তার পেটে বাটালটি ঢুকিয়ে দেয় নুরুল ইসলাম। এতে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা হযরত আলী বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামি এবং বাড়ির মালিক হাসনারা বেগমকে হুকুমের আসামি করে ঐদিনই জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন তদন্ত শেষে আসামি নুরুল ইসলামকে অভিযুক্ত করে ওই বছরের ৯ মার্চ আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত ওই রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আতাউর রহমান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অহিদুজ্জামান আকন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন