
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর এক ভবন তত্ত্বাবধায়ক পানির লাইন ঠিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। নিহত মো. হোসেন (৩২) নগরীর ইপিজেড থানার নয়াহাট এলাকার বটতলি মুনশি সড়কের একটি পাঁচতলা ভবনের তত্ত্বাবধায়ক ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নতুন বাজার এলাকায়। গতকাল বুধবার নগরীর ইপিজেড থানার নয়াহাট এলাকার বটতলি মুনশি সড়কের একটি পাঁচ তলা ভবনের এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ইপিজেড থানার ওসি বলেন, বুধবার দুপুরে পানির লাইনের সমস্যা দেখতে গিয়ে পাঁচতলা ভবনটির ছাদ থেকে অসতর্কতাবশত নিচে পড়ে যান হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বলেন, হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।