News71.com
 Bangladesh
 20 Oct 16, 12:55 AM
 330           
 0
 20 Oct 16, 12:55 AM

সিএনজি স্টেশন থেকে প্রতি মাসে চার কোটি টাকার গ্যাস চুরি

সিএনজি স্টেশন থেকে প্রতি মাসে চার কোটি টাকার গ্যাস চুরি

নিউজ ডেস্কঃ কুমিল্লায় অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো থেকে মাসে অন্তত ৩ কোটি ৮৬ লাখ টাকার গ্যাস চুরি হচ্ছে। বাখরাবাদের কিছু অসাধু কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মচারীর যোগসাজশে এই চুরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

গত মঙ্গলবার রাতে কুমিল্লা শহরতলির চাঁপাপুরে বাখরাবাদের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন খোদ বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রেজাউল ইসলাম খান। তিনি সেখানে লিখিত বক্তব্য পাঠ করে শোনান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্যাস চুরির কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গ্যাস কোম্পানিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ওপর সিএনজি ফিলিং স্টেশনগুলোর কাছে প্রায় ১৭ কোটি টাকা বকেয়া বিল পড়ে আছে। এই বিল আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো ধরনের পদক্ষেপ নেননি।

এমডি বলেন, কর্তব্যে অবহেলার জন্য ২ অক্টোবর বাখরাবাদের বিপণন শাখার মহাব্যবস্থাপক এহসানুল হক পাটোয়ারীকে খুলনার সুন্দরবন গ্যাস ফিল্ডে বদলি করা হয়েছে। একই দিন উপমহাব্যবস্থাপক আবুল বাশারকে বদলি করা হয় বাখরাবাদের আইটি শাখায়।

এমডি অভিযোগ করেন, তিনি গত ১৮ জুলাই বাখরাবাদে যোগদানের পর জানতে পারেন, এখানকার ১৬টি সিএনজি ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে ১০টি সিএনজি ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ছয় দিন অভিযান চালিয়ে ওই স্টেশনগুলোর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সঙ্গে স্টেশনগুলোকে জরিমানা ও বকেয়া টাকা আদায় করা হয়। তিনি আরও বলেন, যেসব স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সেগুলোতে কৌশলে গ্যাস ব্যবহারের পরিমাণ কম দেখানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাখরাবাদের অধিভুক্ত ৮৮টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে কুমিল্লা জেলায় গ্যাস চুরির পরিমাণ বেশি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাখরাবাদের যেসব কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মচারী গ্যাস চুরি ও মিটার নয়-ছয় করার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। গ্যাস চুরি রোধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে বাখরাবাদের মহাব্যবস্থাপক (প্রশাসন) এম এ ওয়াদুদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক আকবর কবির, অর্থ বিভাগের মহাব্যবস্থাপক নারায়ণ চন্দ্র পাল, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক মো. ইউসুফ আলী ও উপমহাব্যবস্থাপক (বিক্রয়) মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন