
জাবি সংবাদদাতা : বাংলাদেশ ওয়ানডে ও টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৩তম আবর্তনের ছাত্র মাশরাফি বিন মর্তুজাকে সম্মাননা দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত ৩৩তম আবর্তনের (২০০৩-২০০৪ শিক্ষাবর্ষ) একযুগ পূর্তি উৎসবে তাঁকে এ সম্মাননা দেওয়া হবে। বুধবার ৩৩তম আবর্তনের যুগপূর্তি উৎসবের আহ্বায়ক এটিএম রেজাউল ইসলাম দেহলভী এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।
মাশরাফি ছাড়াও বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক এবং কবি ড. মো. খালেদ হোসাইন, জাবি ছাত্র ও পুলিশের এডিশনাল ডিআইজি (পিপিএম) মো. হাবিবুর রহমান এবং মওলানা ভাসানী হলের গার্ড মুক্তিযোদ্ধা জামশেদ আলী ভূইয়া (বীরপ্রতীক) কে এই সম্মাননা দেয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও জানান , প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আবুল হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান উপস্থিত থাকবেন।
শুক্রবার সকাল ৯টায় উপাচার্যের উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবটি শুরু হবে। এরপর সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালী বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে শুরু হয়ে মেহের চত্ত্বর,চৌরঙ্গী,পরিবহন চত্ত্বর এবং নতুন কলা প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ায় এসে শেষ হবে। এরপর সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে দুটি পর্বে কনসার্ট অনুষ্ঠিত হবে। প্রথম পর্বটি বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। এসময় মুক্তমঞ্চ মাতিয়ে রাখবে ব্যান্ডদল ইনসাইড ইউ ও নকশাল। মাগরিবের সময় বিরতি দিয়ে এরপর দ্বিতীয় পর্বটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এ পর্বের প্রথমে মুক্তমঞ্চ মাতাবে ডিজে মারুফ। এরপর মাশরাফিসহ বাকি গুণীজনদের সম্মাননা প্রদান করবে আয়োজক কমিটি। সর্বশেষ বিখ্যাত ব্যান্ডদল সোল্সের সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবটির পরিসমাপ্তি ঘটবে।
উৎসবের সার্বিক বিষয়ে যুগপূর্তি উৎসবের আহবায়ক এটিএম রেজাউল ইসলাম দেহলভী বলেন, আমাদের সবধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আমাদের বন্ধুমহল থেকে অনেক বেশি সাড়া পাওয়া যাচ্ছে। এ উৎসবের মাধ্যমে অনেক বছর পর আমরা ৩৩তম আবর্তন শত ব্যস্ততাকে পিছনে ফেলে স্মৃতিমধুর এই সবুজ ক্যাম্পাসে পুনরায় একত্রিত হতে পারবো।