
নিউজ ডেস্কঃ নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় লরিচাপায় টুনি আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ সন্ধ্যায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুনি চল্লিশা বাজার এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিনের মেয়ে। সে চল্লিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের উপ-সহকারী পরিচালক প্রাণ নাথ সাহা সাংবাদিকদের জানান, সন্ধ্যায় চল্লিশা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল টুনি। এসময় জ্বালানি তেলবাহী একটি লরি পেছন থেকে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।