News71.com
 Bangladesh
 19 Oct 16, 07:04 PM
 317           
 0
 19 Oct 16, 07:04 PM

গাজীপুরে স্কুলছাত্র খুনের দায়ে একজনের ফাঁসি...

গাজীপুরে স্কুলছাত্র খুনের দায়ে একজনের ফাঁসি...

নিউজ ডেস্ক : গাজীপুর শহরের হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র মো. সেলিম হত্যা মামলায় এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দণ্ডপ্রাপ্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া বুধবার বিকালে এ আদেশ দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।দণ্ডপ্রাপ্ত মো. নূরুল ইসলাম (৩২) গাজীপুর সদর উপজেলার খুদে বরমী গ্রামের হামিদ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৯ জানুয়ারী গাজীপুর শহরের হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. সেলিম ও তার বন্ধু মো. রাকিব হোসেনকে নিয়ে বড়ই খাওয়ার জন্য বাড়ির কাছে খুন্দিয়া গ্রামের ছোবাহানের স্ত্রী হাসনারা বেগমের বাড়িতে যায়। এসময় ওই বাড়ির কেয়ারটেকার মো. নুরুল ইসলাম কাঠ কাটার একটি বাটাল নিয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে মো. সেলিমকে ধরে ফেলে এবং নুরুল ইসলামের হাতে থাকা বাটালটি সেলিমের পেটে ঢুকিয়ে দেয়। এতে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা মো. হযরত আলী বাদি হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামি এবং বাড়ির মালিক হাসনারা বেগমকে হুকুমের আসামি করে ঐদিনই জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শামীম হোসেন তদন্ত শেষে আসামি নুরুল ইসলামকে অভিযুক্ত করে ওই বছরের ৯ মার্চ আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ১১জন সাক্ষীর সাক্ষ্য শেষে বুধবার আদালত ওই রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আতাউর রহমান খান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান আকন তমিজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন