
নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীতে ১৫টি মানব কঙ্কালসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সামনে থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এছাড়া আলাদা অভিযানে রাতভর নগরী থেকে আরো ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কঙ্কালসহ গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকার বিপন কুমার ডোম (৫৩) ও নিরেন রবি দাস (৪২)। তারা মানব কঙ্কাল চোরাচালানে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আল-আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে রবি ও কুমারকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১৫টি মানব কঙ্কালের বিভিন্ন অংশের হাড় এবং ১৫টি মাথার খুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, এসব কঙ্কাল ভারত থেকে অবৈধভাবে এনেছেন তারা। এ নিয়ে বিশেষ ক্ষমতা আইনে রাজপাড়া থানায় নিয়মিত মামলা হয়েছে। ওই মামলায় আজ বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদিকে নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, রাজশাহীতে বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট। গ্রেফতারকৃতদের মধ্যে ১৯ জনই গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এছাড়া ৬জন মাদক ব্যবসায়ী এবং ১২ জন অন্যান্য মামলার আসামি। আজ বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।