
নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে একটি শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে গতকাল মঙ্গলবার এক যুবককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ওই শিশুটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন একই ইউনিয়নের এক যুবক। গত তিন মাসে তিনি শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। গত সোমবার বিকেলে তিনি শিশুটিকে আবারও ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় বাসিন্দাদের আসতে দেখে ওই যুবক পালিয়ে যান। গতকাল দুপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করেন শিশুটির পরিবারের সদস্যরা।
ধর্ষণের অভিযোগে ওই যুবককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে জানান, এ ঘটনায় সোমবার রাতে শিশুটির বাবা সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তিনি জানান, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।