
নিউজ ডেস্কঃ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য থেকে সার, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সিটি করপোরেশনের রয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, আবর্জনা নগর জীবনে পরিবেশগত দুর্ভোগের অন্যতম একটি কারণ। সে কারণে সৃষ্ট বর্জ্যগুলোকে সম্পদে পরিণত করে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দাতা সংস্থা সমূহের সহযোগিতায় কার্যকর উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের।
গত মঙ্গলবার সিটি করপোরেশনের কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিটি গভর্নেন্স প্রজেক্ট এর আওতায় চসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা, নালা নর্দমা সংস্কার, রাস্তাঘাটের উন্নয়ন, সড়ক বাতি আলোকায়ন। এসব সেবা শতভাগ দেয়ার লক্ষ্যে করপোরেশন কাজ করে যাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী ৩ অর্থবছরের মধ্যে ক্লিন ও গ্রিন সিটির ভিশন পরিপূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি বলেন, শুধু কর্মশালার মাধ্যমে সলিড ওয়াস্ট ম্যানেজম্যান্ট কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য প্রয়োজন স্কুল ও কমিউনিটির মধ্যে সচেতনতা বিষয়ক কার্যক্রম গ্রহণ করে নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি করা।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম। স্বাগত বক্তব্য রাখেন সিটি গভর্নেন্স প্রজেক্ট ডাইরেক্টর মো. শাহজাহান মোল্লা। বক্তব্য রাখেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নিছার উদ্দিন আহমদ মঞ্জু, কাউন্সিলর নাজমুল হক ডিউক, শফিউল আলম, সলিম উল্ল্যাহ বাচ্চু, মোবারক আলী, চসিক সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, এল জি ই ডি ডেপুটি ডাইরেক্টর প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান সিদ্দিকী প্রমুখ।
চসিক জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম এর উপস্থাপনায় কর্মশালায় জাপানের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের ওপর পাওয়ার পয়েন্টের মাধ্যমে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন এস ডব্লিও এম এক্সপার্ট মোশাহিরু তাকাসুজি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনার ওপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন এসডব্লিওএম এক্সপার্ট জাহিদ হোছাইন। কর্মশালায় ৯৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।