News71.com
 Bangladesh
 19 Oct 16, 01:16 PM
 293           
 0
 19 Oct 16, 01:16 PM

সিরাজগঞ্জে অপহরণকারী আটক, ১২ দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু জান্নাতুল খাতুন……

সিরাজগঞ্জে অপহরণকারী আটক, ১২ দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু জান্নাতুল খাতুন……

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জে নেশার টাকার জন্য জান্নাতুল খাতুন নামে ৪ বছরের এক শিশু কন্যাকে অপহরণের পর মাত্র পাঁচ হাজার টাকায় পাচারকারীর কাছে বিক্রি করে দিয়েছেন এক মাদকসেবী। এ ঘটনায় অপহরণকারী ওই মাদকসেবী মঞ্জুকে আটক করা হলেও ১২ দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশুটি।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অপহৃত শিশুটির পরিবার।অপহৃত শিশু জান্নাতুল খাতুন জামতৈল গ্রামের কুলি সর্দার আনোয়ার হোসেনের মেয়ে। অপহরনকারী জামতৈল গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মাদকসেবী মঞ্জু।

জানা যায়, গত ৭ অক্টোবর শুক্রবার বিকেলে অন্যান্য শিশুদের সাথে জামতৈল ষ্টেশন এলাকায় জান্নাতুল খেলা করতে যায়। কিন্তু সন্ধ্যা হলেও শিশুটি বাড়ী না ফেরায় বাবা-মাসহ আত্মীয় স্বজনরা খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে তার খেলার সাথীরা জানান একই গ্রামের মাদকসেবী মঞ্জু ফুসলিয়ে জান্নাতুলকে নিয়ে গেছে। এলাকাবাসী তাৎক্ষনিক মাদকসেবী মঞ্জুকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এসময় মঞ্জু ৫ হাজার টাকার বিনিময়ে নাজমুল নামে এক ব্যক্তির কাছে জান্নাতুলকে বিক্রির কথা স্বীকার করে। এদিকে এ ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও একমাত্র সন্তানকে না পাওয়ায় দিশেহারা জান্নাতুলের পরিবার। অন্যদিকে, এ ঘটনায় এলাকার অন্যান্য শিশুসহ অভিভাবকদের মধ্যে অপহরণ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল সর্দার জানান, অপহরণের পর মাদকসেবী মঞ্জু ৫ হাজার টাকার বিনিময়ে নাজমুল নামের একজনের হাতে শিশুটিকে তুলে দিয়েছে। জিজ্ঞাসাবাদে নাজমুলের সঠিক ঠিকানা বলতে না পারায় শিশুটিকে উদ্ধারে সমস্যা হচ্ছে। তবে শিশুকে উদ্ধারের সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন