News71.com
 Bangladesh
 19 Oct 16, 11:10 AM
 324           
 0
 19 Oct 16, 11:10 AM

৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন-সমাবেশ

৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন-সমাবেশ

নিউজ ডেস্ক:  স্থায়ী শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার কলেজের সামনে চৌমুহনী-মাইজদী সড়কে এ কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো—কলেজে দ্রুত টেক্সটাইল–বিষয়ক স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া; ছাত্রাবাসের আসনসংখ্যা বৃদ্ধি করা; ১০০ আসনের ছাত্রী হোস্টেল নির্মাণ করা; ছাত্রাবাসে খাবার, বিদ্যুৎ বিল, পানির বিল ও গ্যাস বিলে সরকারি ভর্তুকির ব্যবস্থা করা; নবনির্মিত ছাত্রাবাসে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা; শিক্ষার্থীদের পরিবহনের জন্য যানবাহনের ব্যবস্থা করা।

বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা দাবিসংবলিত ব্যানার ও পোস্টার নিয়ে মানববন্ধন শুরু করেন। প্রায় এক ঘণ্টার মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রাবাসে ৪৫০ জন ছাত্রের জন্য আসনের সংখ্যা মাত্র ১৪৪টি। তা ছাড়া, ৫০ জন ছাত্রীর মধ্যে ৩০ জনের থাকার ব্যবস্থা আছে। এর মধ্যে প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হওয়ার পর এখনো কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। সমাবেশে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

জানতে চাইলে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা আছে বলে উল্লেখ করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, শিক্ষকসংকটসহ কলেজের বিভিন্ন সমস্যার কথা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে সিদ্ধান্ত জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন