
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামের গোবিন্দ দাসের ছেলে মল্লিক দাস (৪০) ও তাঁর স্ত্রী ছায়া রাণী দাস (৩২)। এ সময় আহত হয়েছেন আরও নয়জন। আজ ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জের কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, খুলনা থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি বাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকটি পাশ কাটিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বাসটি সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের সময় বাইকে থাকা মল্লিক দাস ও ছায়া রাণী দাস ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত ছায়া রাণীর মা নন্দ রাণী দাস (৫০), কালীগঞ্জ শহরের রিপন (৩২), আহসান হাবিব (৪৭), আলমগীর হোসেন (৩০), ইমরান হোসেন (৪০), সেলিম মিয়া (২৬), রফিকুল ইসলাম (২০), বাকের আলী (৪০) ও রশিদুল ইসলাম (৩০)। এঁদের মধ্যে দুজন যশোর ও অন্যদের কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা বাস ও ইজিবাইকের যাত্রী।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) শাহনাজ পারভিন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।