
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ' উপাধি দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। এ উপাধি ঘোষণা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
সজীব ওয়াজেদ জয়ের 'আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আইসিটি বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ উপাধি পান ।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার এ পুরস্কার আমাদের অনুপ্রেরণা যোগায়। এ স্বীকৃতি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এক অন্যন্য মাইলফলক’ ।
অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ।
বাংলাদেশের মানুষের জন্য 'ডিজিটাল বাংলাদেশ' বাস্তবায়নে অসামন্য অবদান, প্রতিযোগিতামূলক টেকসই উন্নয়নের হাতিয়ার হিসেবে আইসিটিকে বেছে নেওয়ায় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় সজীব ওয়াজেদ জয়কে ।
ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটেটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এ অ্যাওয়ার্ড দেয় ।