
নিউজ ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে যা যা করণীয় সরকার তার সব কিছুই করছে। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমীর শেখ রাসেল চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ।
একাডেমীর শেখ রাসেল গ্যালারীতে শেখ রাসেলের দুর্লভ ৬২টি ছবির স্থায়ী প্রদর্শনী এবং শেখ রাসেল শিশুতোষ চলচ্চিত্র ২০১৬ উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহের আফরোজ চুমকি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকরা শেখ রাসেলকে হত্যা করে বাংলাদেশকে কলংকিত করেছিল। তারা এতই নিষ্ঠুর ও নির্মম ছিল যে ছোট্ট শিশু রাসেলও তাদের হাত থেকে রেহাই পায়নি ।
তারপর থেকে বাংলাদেশে শিশু অধিকার ও শিশুর নিরাপত্তা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। বর্তমান সরকার শিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ নির্মাণে কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে বাংলাদেশ খেলাধুলায় আরো উন্নতি করতে পারত। বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৫২ বছর। বাংলাদেশকে দিতে পারত আরো অনেক কিছু ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন, শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন, চলচ্চিত্র নির্মাতা সালাহউদ্দিন জাকি, আশরাফ শিশির, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান আরাফাত এ রহমানসহ দেশ বরেণ্য কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
শিশুতোষ চলচ্চিত্র ১৮-২২শে অক্টোবর বিকাল ৩ টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শিশু একাডেমীর মিলনায়তনে প্রদর্শিত হবে। শুধুমাত্র ২১শে অক্টোবর সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উল্লেখ্য, এ সমস্ত চলচ্চিত্রের নির্মাতা, পরিচালক ও ভিডিও ধারণকারী সবাই শিশু ।