News71.com
 Bangladesh
 18 Oct 16, 08:04 PM
 299           
 0
 18 Oct 16, 08:04 PM

জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলিম দেশসমূহের মধ্যে সহযোগিতার আহবান : ওআইসি সম্মেলনে শিক্ষামন্ত্রী নাহিদ

জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলিম দেশসমূহের মধ্যে সহযোগিতার আহবান : ওআইসি সম্মেলনে শিক্ষামন্ত্রী নাহিদ

নিউজ ডেস্কঃ  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওআইসি’র সদস্য দেশসমূহের মধ্যে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাক্ষেত্রে কার্যকর সহযোগিতার আহবান জানিয়েছেন। শিক্ষামন্ত্রী আজ মঙ্গলবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৩তম সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতাকালে এ আহবান জানান।

জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণায় মুসলিম দেশসমূহের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, বিশ্বায়নের এ যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগুতে হলে আমাদের অবশ্যই সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।

শিক্ষামন্ত্রী এবারের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের প্রতিপাদ্য ‘শিক্ষা ও জ্ঞানার্জন-শান্তি ও সৃজনশীলতার লক্ষ্য অর্জনের উপায়’কে সময়োপযোগী হিসেবে উল্লেখ করে বলেন, জাতিতে জাতিতে যুদ্ধ বিগ্রহ, সংঘাত, উগ্রবাদ ও সাংস্কৃতিক বিভেদ নিরসনে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে নাহিদ বলেন, উপবৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মতো বিশ্ব প্রশংসিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণসহ দরিদ্র শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ফলে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে।

তিনি বলেন, মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও কারিগরি শিক্ষার ব্যাপক প্রসারে শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। নাহিদ বলেন, নারী শিক্ষা ব্যাপক প্রসারের ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যাকে অতিক্রম করেছে।

শিক্ষাক্ষেত্রে জেন্ডার বৈষম্য নিরসনে সাফল্য অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ২য় অবস্থানে রয়েছে।

তিনি বলেন, নারী শিক্ষা ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি জাতিসংঘ উইমেন এন্ড গ্লোবাল পার্টনারশিপ ফোরাম ‘এজেন্ট অব চেঞ্জ’ এ্যাওয়ার্ড এবং ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’-সম্মানে ভূষিত করেছেন।

সম্মেলনে ওআইসি’র (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) সদস্য দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীগণ উপস্থিত ছিলেন। উজবেকিস্তানের অস্থায়ী প্রেসিডেন্ট সাবকাতমিরজিউয়েভ আজ সকালে ওআইসি পররাষ্ট্রমন্ত্রিদের এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

সম্মেলনের যোগদানের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী আজ সকালে তাসখন্দ পৌঁছলে তাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান উজবেকিস্তানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আনভারনাসিরভ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন