
নিউজ ডেস্ক : বাগেরহাটের শরণখোলায় শাহনাজ বেগম (২১) নামের এক বাক প্রতিবন্ধী গৃহবধূকে পাচারের অভিযোগে সেকান্দার হাওলাদার (৫২) ও তার স্ত্রী শাহেদা বেগম (৪২) নামের দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী দশঘর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
অভিযোগে জানা যায়, ১৩ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে বাক প্রতিবন্ধী শাহনাজকে ফুসলিয়ে নিয়ে যায় চিহ্নিত নারী পাচারকারী সেকান্দার ও তার স্ত্রী শাহেদা বেগম। পরবর্তীতে তারা উপজেলার রাজৈর গ্রামের পক্ষী দালালের মাধ্যমে ভারতে পাচার করে দেয় শাহানাজকে। এ ঘটনায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে সোমবার (১৭ অক্টোবর) থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার ওই পাচারকারীরা বগী দশঘর গ্রামের নিজ বাড়িতে এসে আত্মগোপন করলে স্থানীয় ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েতসহ এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিবন্ধী গৃহবধূকে নেওয়ার কথা স্বীকার করেছে তারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।