News71.com
 Bangladesh
 18 Oct 16, 07:57 PM
 305           
 0
 18 Oct 16, 07:57 PM

উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত করতে হবে ।। জাসদ সভাপতি আ স ম রব

উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত করতে হবে ।। জাসদ সভাপতি আ স ম রব

নিউজ ডেস্ক: দেশে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। মঙ্গলবার রাজধানীর মিরপুর-১০ নম্বর স্থানীয় একটি রেস্টুরেন্টে জেএসডি ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্র প্রক্রিয়ায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার না থাকলে সে উন্নয়ন মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে পারবে না। বহু সভ্যতা, বহু রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে আদর্শিক রাজনীতির অভাবে। যে সমাজে অসাম্য বাড়বে, সে সমাজে সহিংসতা অবক্ষয় বৃদ্ধি পাবে। সুতরাং আদর্শিক রাষ্ট্র নির্মাণে-মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র নির্মাণের উদ্যোগ নিতে হবে।

রব বলেন, ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেশের অভ্যন্তরীণ রাজনীতি হতে হবে জাতীয় ঐক্য ভিত্তিক এবং শাসন ব্যবস্থা হতে হবে অংশীদারিত্ব ভিত্তিক। বিশ্ব রাজনীতি মোকাবেলায় সমগ্র জাতিকে আরো দক্ষ ও দূরদর্শী হতে হবে। এ লক্ষ্যে জেএসডি ১০ দফা কর্মসূচি উপস্থাপন করেছে জানিয়ে তিনি বলেন, যা জাতির অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করে একুশ শতকের চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হবে।

ঢাকা মহানগর উত্তর শাখা জেএসডির আহ্বায়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেএসডি সহ-সভাপতি তানিয়া রব, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পীর শেখ জিয়া উদ্দিন, মিডিয়া বিষয়ক সম্পাদক ম. কামাল উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, কাজী আবদুস সাত্তার, মোস্তফা কামাল ও ইউসুফ সিরাজ খান মিন্টু প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন