
নিউজ ডেস্কঃ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এ-সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশকে ২০০ কোটি ডলারের সহায়তা দেবে বিশ্বব্যাংক। আগামী তিন বছরে এই সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এই সফরে এটি তাঁর ব্যক্তিগত প্রতিশ্রুতি।
আজ আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন তিনি। বিকেল সাড়ে পাঁচটায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আছে বাংলাদেশ। ক্রমবর্ধমান এ ঝুঁকি মোকাবিলায় আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব।’
এর আগে গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জিম ইয়ং কিম বলেন, আগামী তিন বছরে শিশুদের অপুষ্টি দূর করতে বর্তমানের তুলনায় ১০০ কোটি ডলার বেশি দেওয়া হবে বাংলাদেশকে। জিম ইয়ং কিম বলেন, সব সদস্যদেশের জন্য ৫০ শতাংশ তহবিল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।