
নিউজ ডেস্ক : গাইবান্ধার ফুলছড়িতে থেকে স্থানীয়দের সহায়তায় ১০ টাকা কেজি দরের ১৮৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারী গ্রামের দুটি বাড়িতে চালগুলো পাওয়া যায় বলে ফুলছড়ি থানার ওসি আব্দুল খালেক জানান।
তিনি বলেন, “স্থানীয় ডিলার আজাহার আলী দক্ষিণ খাটিয়ামারী গ্রামের মোকারম মৃধার বাড়িতে ১৫৯ বস্তা ও শাহ আলম বাড়িতে ২৪ বস্তা চাল জমা রাখে। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে বাড়ি দুটি ঘিরে রেখে থানায় খবর দেয়। পরে ইউএনওর উপস্থিতিতে চালগুলো উদ্ধার করা হয়।”
ডিলারের বিরুদ্ধে থানায় মামলার পাশাপশি তার ডিলারশিপ বাতিল করা হবে বলে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জানিয়েছেন।