
সনজিৎ সরকার উজ্জ্বল: বিদ্যা অর্জনের জন্য অত্যাবশ্যকীয় উপকরণ হলো বই । বইয়ের সংগ্রহশালাকে বলা হয় লাইব্রেরি বা গ্রন্থাগার । গ্রন্থাগার বিশ্ববিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য অংশ । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আছে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার । যা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪,০০০ শিক্ষার্থীর জন্য জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে উঠছে ।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন সময় থেকেই যাত্রা শুরু জাবি’র কেন্দ্রীয় গ্রন্থাগারের । তবে বর্তমানে সংশপ্তক ভাস্কর্যকে সামনে রেখে যে গ্রন্থাগারটি আছে তা ১৯৮৬ সালে স্থাপিত। পরিকল্পনা অনুযায়ী এক লক্ষ বর্গফুট আয়তনের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিষ্ঠার কথা থাকলেও বর্তমানে এর আকার ৫৫ হাজার বর্গফুট । গ্রন্থাগারে মোট সংগ্রহ আছে এক লক্ষ ১৩ হাজার ২৬৬ টি বই, জার্নাল আছে ১৩,৯০৫ টি এবং এর বিপরীতে গ্রন্থাগারে শিক্ষার্থীদের আসন সংখ্যা আছে মাত্র ৪৫০ টি ।
কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-সহকারী গ্রন্থাকারিক তৌহিদুল ইসলাম জানান যে, গ্রন্থাগারে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যয়ন করতে আসেন। কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারের তত্ত্বাবধানে ৪৩ জন কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে সাধ্যের মধ্যে শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা তাদের আছে। উল্লেখ্য, ১৯৯০ সালের পর থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারে এখন পর্যন্ত স্থায়ী কোনো শিক্ষক নিয়োগ করা হয় নি ।
গ্রন্থাগারের সিনিয়র ক্যাটালগ মোহাম্মদ বদিউল আলম বলেন, গ্রন্থাগারের আসন সংখ্যা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীদের ডিজিটাল লাইব্রেরি কার্ড প্রদানের প্রক্রিয়া চলমান । তিনি আরো বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
নিয়মিত গ্রন্থাগারে পড়তে আসা সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র কাজী বিজয় বলেন, গ্রন্থাগারে পড়ার আনন্দই আলাদা। এ আনন্দের পরিসর বৃদ্ধি করতে তিনি এক লক্ষ বর্গফুটের পূর্ণাঙ্গ পরিসরে লাইব্রেরি গড়ে তোলার জোর দাবি জানান ।
এসব বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার বলেন, শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগারের কোনো বিকল্প নেই । তিনি ছাত্রদের ফটোকপি নির্ভরতা কমিয়ে লাইব্রেরিমুখী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি সানন্দে কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছেন এবং গ্রন্থাগারের উন্নয়নে নিরসল কাজ করে যাচ্ছেন। যে উন্নয়ন এখন দৃশ্যমান । কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।