
নিউজ ডেস্ক : উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’ এই স্লোগানকে সামনে রেখে অক্টোবরের ২২-২৩ তারিখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। এই সম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকেও বেশ তৎপর দলটি।
সম্মেলন উপলক্ষে ইতোমধ্যে ‘20th National Conference, Bangladesh Awami League’ নামে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে। এই ইভেন্টটি ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) পর্যন্ত ২০ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর কাছে এই ইভেন্টটি পৌঁছেছে। আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য এবং সম্মেলন নিয়ে হালনাগাদ তথ্য প্রকাশ করা হচ্ছে ইভেন্টটিতে।
আজ ফেসবুক ইভেন্টটিতে গিয়ে দেখা যায়, ৯ হাজার ফেসবুক ব্যবহারকারী আওয়ামী লীগের এই সম্মেলনে যেতে সম্মতি দিয়েছেন, পাঁচ হাজার আটশ জন যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং দশ হাজার ফেসবুক ব্যবহারহারী ইভেন্টটি শেয়ার করেছেন।
ফেসবুকে এই ইভেন্টটি পর্যবেক্ষণ করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। সিআরআই এর একজন সংবাদমাধ্যমকে জানিয়েছন আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) পর্যন্ত ১৩ হাজারেরও বেশি মানুষ ইভেন্টটিতে ছবি ও মতামত পোস্ট করেছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা ২০তম সম্মেলন নিয়ে তাদের মন্তব্য ও প্রস্তুতি জানাচ্ছেন এই ইভেন্টে।
উল্লেখ্য, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে সাজানো হয়েছে পুরো ঢাকা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৈরি করা হচ্ছে সম্মেলনের ঘোষণাপত্র। এছাড়া এবারের সম্মেলনে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।