
নিউজ ডেস্ক : বরিশালের বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে বিশ্ব ব্যাংকের সাহায্যপুষ্ট `দারিদ্র বিমোচন কর্মসূচি` সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ড. জিম ইয়ং কিম। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বিশেষ হেলিকপ্টারযোগে বরিশালের রহমতপুর বিমান বন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান, সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান, পুলিশ কমিশনার রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেখান থেকে তিনি বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে যান। বিশ্ব ব্যাংকের সাহায্যপুষ্ট এসডিএফ (স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। কথা বলেন এই প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে।রাকুদিয়া থেকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ড. জিম ইয়ং কিম উজিরপুর উপজেলার ভরসাকাঠী সাইক্লোন সেল্টার পরিদর্শনে যান। দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল ত্যাগ করার কথা রয়েছে তার।
এসডিএফ’র চেয়ারম্যান এম.আই. চৌধুরী জানিয়েছেন, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব ব্যাংকের সাহায্যপুষ্ট এসডিএফ (সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) নামে প্রতিষ্ঠানটি কাজ শুরু করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে। টেকসই সংগঠন তৈরির মাধ্যমে দরিদ্র ও অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন অর্জনের লক্ষ্যে কাজ করছে এই প্রতিষ্ঠনটি।
পশু পালন, মৎস্য চাষসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে এই প্রতিষ্ঠান। এরপর প্রশিক্ষণপ্রাপ্তরা সংগঠন তৈরি ও ঋণ গ্রহণের মাধ্যমে জীবনমান উন্নয়নে কাজ করেন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বরিশালের ৬ উপজেলায় নারীদের ভাগ্যোন্নয়নে কাজ করছে এসডিএফ। ৪ বছর আগেও এই গ্রামের অর্ধেকের বেশি পরিবার ছিল দারিদ্র্য সীমার নিচে। কিন্ত বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত স্যোশাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) থেকে ঋণ নিয়ে এই গ্রামের অর্ধ শতাধিক নারী নতুন করে জীবন সংগ্রাম শুরু করে। বদলে যেতে থাকে তাদের সংসারের চিত্র। উন্নয়ন হতে থাকে তাদের জীবনমান। এক পর্যায়ে মুক্তি পান দারিদ্র্যের কষাঘাত থেকে। এখন স্বাবলম্বী ওই সব নারী।
এদিকে, বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আড়াইশ’ পুলিশ সদস্যের পাশাপাশি, ডিজিএফআই, এনএসআইসহ গোয়েন্দা সংস্থা ও পোশাকধারী এবং সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ডের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।