
নিউজ ডেস্কঃ দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে অভিযান চালিয়ে দুই টন মেয়াদোত্তীর্ণ নুডলস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরের দিকে শহরের কাটাবাড়ী নয়াপাড় এলাকার হাফিজা বেগমের বাড়ি তল্লাশি করে এগুলো পাওয়া যায়।
হাফিজা তাঁর বাড়িতে দোকান খুলে এ ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় তাঁকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজা প্রথম আলোকে বলেন, ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি এলাকায় প্রাণ কোম্পানির কারখানা আছে। এসব মেয়াদ উত্তীর্ণ নুডলস জব্দ করার পর ওই কারখানার ব্যবস্থাপক মো. আলতাফ হোসেনকে ডেকে পাঠানো হয়। তিনি দেখে বলেন, এসব মেয়াদ উত্তীর্ণ নুডলস তাঁদের কারখানায় তৈরি নয়। বাইরে থেকে আনা হয়েছে। এগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহার করার কথা।
নাটোর জেলার এক ব্যবসায়ীর কাছ থেকে ৫৪ হাজার টাকায় তিনি নুডলসগুলো কিনেছেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এহেতেশাম রেজার উপস্থিতিতে নুডলসগুলো পুড়িয়ে নষ্ট করা হয়েছে।