
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য্ বীরপ্রতীক খেতাব পেলেও বেসামরিক মুক্তিযোদ্ধাদের অবমূল্যাবয়নের প্রতিবাদে সেই সম্মাননা নেননি তিনি। জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা সাদী দলটির হয়ে ১৯৭৯ সালে হবিগঞ্জ থেকে সংসদ সদস্যর নির্বাচিত হয়েছিলেন।
আজ ভোররাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মুক্তিযোদ্ধার মৃত্যু হয় । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ হবিগঞ্জের নবীগঞ্জের দিনারপুর শাফায়েত খেলার মাঠে তার জানাজা হয়। এরপর জে কে হাই স্কুল মাঠে এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
মঙ্গলবার সাদীর মরদেহ ঢাকায় আনা হবে। দুপুর দেড়টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে । সাদীর মৃত্যু তে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার গভীর শোক প্রকাশ করেছেন।
সাদীর জন্ম ১৯৪২ সালের ১০ মে সিলেটে। তার পৈত্রিক বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে।
স্কুলজীবনে রাজনীতিতে জড়িয়ে পড়া সাদী সিলেট অঞ্চলে ছাত্রলীগের প্রসারে সক্রিয় ছিলেন।
মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের জামালপুর সাব সেক্টরের অধিনায়ক হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য সাদীকে বীরপ্রতীক খেতাব দেয় সরকার। তবে বেসামরিক কোনো মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাব না দেওয়ার প্রতিবাদে তিনি নেননি। স্বাধীনতার পর ছাত্রলীগের একটি অংশ বেরিয়ে জাসদ গঠন করলে নতুন দল গঠনে নেতৃত্বে ভূমিকায় ছিলেন তিনি।