
নিউজ ডেস্কঃ মানি লন্ডারিং আইনের মামলায় গ্রেপ্তার কর কমিশনার মো. নূরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ আদেশ দেন।
এর আগে বাগেরহাটের মোংলা থানায় করা এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদ আসামিকে আদালতে হাজির করে একটি প্রতিবেদন জমা দেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা নিজেদের যোগসাজশে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে ‘মিডিয়া এন্টারপ্রাইজে’র নামে পূবালী ব্যাংকের খুলনা শাখায় ঋণপত্র (এলসি) খোলেন।
২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর ওই ঋণপত্রের বিপরীতে ৪ হাজার ৫৫ মার্কিন ডলার মূল্যের সাবান ও বডি স্প্রে-জাতীয় প্রসাধনপণ্য দুবাই থেকে আমদানি করেন। কিন্তু মোংলা বন্দর দিয়ে ওই সব পণ্য আমদানির আড়ালে অবৈধভাবে ২৪ হাজার ২৪০ বোতল অনুমোদনবিহীন বিভিন্ন ধরনের বিদেশি মদসহ দুই কনটেইনার ভর্তি ইলেকট্রনিক ও অন্যান্য পণ্য আমদানি করেন। এভাবে তাঁরা মোংলা বন্দর দিয়ে ঘোষণাবহির্ভূত মালামাল আমদানি করে সাড়ে চার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। ওই সময়ে মোংলা কাস্টম হাউসের কমিশনার ছিলেন নূরুল ইসলাম।
দুদক সূত্র জানায়, ২০১১ সালের ৪ জুলাই বাগেরহাটের মোংলা থানায় নূরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলার অন্য আসামিরা হলেন মিডিয়া এন্টারপ্রাইজের মালিক হুমায়ন কবীর, বরগুনার আমতলী থানার বাসিন্দা আবুল কালাম আজাদ, প্রফেসি শিপিং লাইনসের মালিক জুলফিকার মালেক ও একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক।
রোববার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে নূরুল ইসলামকে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি দল গ্রেপ্তার করে।