
নিউজ ডেস্কঃ বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রাম। কয়েক বছর আগেও এই গ্রামের বকুল আক্তার চরম দারিদ্র্যে নিমজ্জিত ছিলেন। দিনমজুর স্বামীর আয়ে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকাই খুব কঠিন ছিল। অভাবের তারনায় ছেলে-মেয়েদের লেখাপড়াও করাতে পারতেন না ভালো করে ।
৪ বছর আগে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে একটি গাভী কেনেন। গাভীর আয় থেকে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে মাছ ও সবজি চাষ শুরু করেন। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বকুল আক্তারের। মাত্র ৪ বছরেই দারিদ্র্যেতা কাটিয়ে উঠেছেন তিনি ।
একই গ্রামের শিউলী, কহিনুর, নাসিমা, ফিরোজা, মমতাজ, সোনিয়া ও শান্তাসহ অর্ধশত নারী এভাবে এসডিএফ থেকে ঋণ নিয়ে এখন দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পেয়েছেন। গরু পালন, পোল্ট্রি, মাছ ও সবজি চাষ করে ভাগ্যোন্নয়নের মাধ্যমে দিন বদলের স্বপ্ন দেখছেন তারা ।
এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক এজিএম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ৪ বছর আগে এই গ্রামের অর্ধেকের বেশি পরিবার ছিল দারিদ্র্যসীমার নিচে। কিন্তু এসডিএফ থেকে ঋণ নিয়ে নতুন করে জীবন সংগ্রাম শুরু করা নারীরা সবাই এখন সাবলম্বী ।
এসডিএফের চেয়ারম্যান এম.আই. চৌধুরী জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রাকুদিয়া গ্রামে পৌঁছাবেন। 'দারিদ্র্য বিমোচন কর্মসূচি'সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন তিনি। কথা বলবেন সুবিধাভোগীদের সঙ্গে। পরে তিনি উজিরপুরের ভরসাকাঠী যাবেন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে ।
উল্লেখ্য গত ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) কাজ শুরু করে রাকুদিয়া গ্রামে। টেকসই সংগঠন তৈরির মাধ্যমে দরিদ্র ও অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন অর্জনের লক্ষ্যে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। বরিশালের পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে ভিভিআইপি মর্যাদার নিরাপত্তা দেয়ার সকল ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ।