News71.com
 Bangladesh
 17 Oct 16, 11:00 AM
 315           
 0
 17 Oct 16, 11:00 AM

সাভারে বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবিতে সড়ক অবরোধ ।। পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ২০

সাভারে বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবিতে সড়ক অবরোধ ।। পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ২০

 

নিউজ ডেস্ক: সাভার পৌর এলাকার ডগরমোড়ার সিআরপি সড়কে ডানা বটমস লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে গতকাল রবিবার বিক্ষোভ ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন সংঘর্ষে আহত হন ২০ জন শ্রমিক।

জানা গেছে, এক মাস তিন দিন ধরে কারখানার সংস্কারের নোটিশ টাঙিয়ে দিয়ে ডানা বটমস লিমিটেড গার্মেন্ট কারখানা বন্ধ রয়েছে। বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে গতকাল সকালে সব শ্রমিক কারখানায় প্রবেশ করে ভেতরে বিক্ষোভ করতে থাকেন। পরে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা- আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলায় অবরোধ করেন। শ্রমিকদের ওপর লাঠি চার্জ করলে পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় সংঘর্ষ। তখন ওই সংঘর্ষে ২০ জন শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

শিল্প পুলিশ-১ এর পরিচালক মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ঈদের আগে বেতন দিয়ে কারখানা বন্ধ করে দেয়া হয়। পরে কাজ শুরু হলে শ্রমিকদের ডাকা হবে মালিকপক্ষ থেকে বলা হয়েছে। সে জন্য বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রমিকেরা আন্দোলন করেন। সড়ক অবরোধ বা শ্রমিক-পুলিশ সংঘর্ষের মতো কোনো ঘটনা ঘটেনি।

লাঠিচার্জের নিন্দা ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার লিমা ও সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু এক যৌথ বিবৃতিতে সাভারের ডগরমোড়ার সিআরপি সংলগ্ন এলাকায় অবস্থিত ডানা বটসম গার্মেন্টে কারখানা না খুলে প্রশাসনের লাপাত্তা, মেশিনপত্র উধাও হওয়া এবং প্রতিবাদকারী শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। অবিলম্বে কারখানা খুলে দেয়ার দাবি করেন নেতারা। এ ছাড়া হতাহত শ্রমিকের চিকিৎসার ভার মালিক পক্ষকে নেয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা।

এক বিবৃতিতে বলা হয়ছে, ডানা বটমস গার্মেন্ট বিগত ২০১৪ সাল থেকে ২ বছর পর্যন্ত চলে। গত ১২ সেপ্টেম্বর ২০১৬ ডানা বটমস গার্মেন্ট কর্তৃপক্ষ নির্মাণ এবং সংস্কারকাজের দোহাই দিয়ে চলতি মাসের ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করে। সেপ্টেম্বরে শ্রমিকদের চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত বেতনও পরিশোধ করে। সংস্কার কাজের দোহাই দিলেও স্থানীয় মাস্তানদের ঝুট ব্যবসাকেন্দ্রিক দ্বন্দ্ব কারখানা বন্ধের অন্যতম কারণ। পরে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেন।

এ ঘটনায় গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে সংহতি জানান এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে ডানা বটমস লিমিটেড কারখানা খুলে দেয়ার দাবি করেন। তা না হলে শ্রম আইন অনুযায়ী দুই বছর কাজ করা সব শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন