
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত এক সাংবাদিককে মারধরের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বিচারে গড়িমসি করায় প্রশাসনিক ভবন অবরোধ করার কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জাবির সাংবাদিকরা ।
আগামীকাল সোমবার এবং পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানান জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত। তিনি জানান, গত ৮ই জুন রাতে এক তরুণীকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে জাবি শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটুর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি শফিকুল ইসলাম ।
এ ঘটনায় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২০ই আগস্ট তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেয়। অথচ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর প্রায় দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দোষীদের বিচারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এই উদাসীনতায় ক্ষুদ্ধ হয়ে অতি দ্রুত দোষীদের বিচার দাবিতে গত ৯ই অক্টোবর উপাচার্য বরাবর সাংবাদিকদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয় ।
স্মারকলিপিতে ১৬ই অক্টোবরের মধ্যে বিচার না করা হলে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেওয়া হয়। এতেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। ফলে সাংবাদিকদের বেঁধে দেওয়া সময় পার হওয়ায় আগামীকাল সোমবার এবং পরদিন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করা হবে ।