
নিউজ ডেস্কঃ খুলনা শহরে প্রথম আন্তর্জাতিকমানের পাঁচ তারকা হোটেল নির্মাণ করতে যাচ্ছে মুভেনপিক হোটেল অ্যান্ড রিসোর্ট। সম্প্রতি আন্তর্জাতিক এ চেইন কোম্পানিটি এ বিষয়ে একটি চুক্তি সই করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোম্পানিটি বাংলাদেশে মোট তিনটি হোটেল নির্মাণ করবে। খুলনা ছাড়ও কক্সবাজার ও ঢাকায় মুভেনপিকের আরও দুটি হোটেলের নির্মাণ কাজ চলছে। ২০১৯ সালের প্রথম দিকেই খুলনার হোটেলটির যাত্রা শুরু হবে বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। খুলনায় নির্মিত হতে যাওয়া এ হোটেলে মোট ২৪০টি কক্ষ, একটি রুফটপ রেস্তোরাঁ ও একটি বারসহ মোট পাঁচটি রেস্তোঁরা থাকবে।
এছাড়া হোটেলটিতে আন্তর্জাতিকমানের বিভিন্ন সেবা থাকবে। যার মধ্যে ৯৫০ জন অতিথিকে এক সঙ্গে আপ্যায়ন করার সুবিধাসহ একটি কনভেনশন সেন্টার, ৫০ জন বসতে পারে এমন চারটি সেমনিার কক্ষ, একটি বল রুম এবং ৪১০ জন বসতে পারে এমন একটি খোলা জায়গা থাকবে। হোটেলটিতে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে- স্পা, স্টিম বাথ, সেলুন, সুইমিং পুল, জিম এবং তিনটি খুচরা পণ্য প্রদর্শণী কেন্দ্র।
মুভেনপিক গ্রুপের এশিয়া অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু লাংডন বলেন, ‘বাংলাদেশে তৃতীয় এবং খুলনায় প্রথম আন্তর্জাতিকমানের হোটেল নির্মাণের চুক্তি করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা বাংলাদেশ এবং এর ভবিষ্যত উন্নয়নে বিশ্বাস করি। দেশটির অর্থনীতি দ্রুত উন্নতি হচ্ছে এবং এদেশের মধ্যবিত্ত শ্রেণির মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আর এটাই আমাদের ব্যবসার প্রধান চালিকা শক্তি। তাই খুলনায় ভ্রমণকারীদের আন্তর্জাতিকমানের করপোরেট সেবা দিতেই আমরা এখানে পাঁচ তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা করেছি।’
২০২০ সালের মধ্যে মুভেনপিক এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোট ৩০টি হোটেল নির্মাণ করতে চায়। এ কোম্পানিটি মূলত থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চায়।