
নিউজ ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলায় প্রবল জোয়ারের চাপে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ৬ টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে প্রায় ১ হাজার পরিবার জলে বন্দী হয়ে পড়েছে। এছাড়া কয়েক হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে।
জানা গেছে, আজ রবিবার ভোর রাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের ৪ নং পোল্ডারের কাছে খোলপেটুয়া নদের প্রায় আড়াই শ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে করে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদাড়ি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয় একাধিক লোক বলেছেন, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। বাঁধটি ধসে পড়ে ৬ টি গ্রামের প্রায় এক হাজর পরিবার পানি বন্দী ও কয়েক হাজার বিঘা মৎস্য ঘের এবং ফসলি জমি প্লাবিত হয়েছে।
এ বিষয়ে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেছেন, কিছুদিন আগেও কোলার একটি জায়গায় বেড়িবাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এবার বেড়িবাঁধ ভেঙ্গে তার ইউনিয়নের কোলা ও হিজলিয়া নামে দুইটি গ্রাম প্লাবিত হয়েছে।
শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এখানে বারংবার বেড়িবাঁধ ভেঙ্গে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এতে করে তার ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদাড়ি গ্রাম প্লাবিত হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা ওই ঘটনাস্থল পরিদর্শনে যাননি বলে স্থানীয়রা বলেছেন।
আবার এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও আবুল হোসেন বলেছেন, ‘কোলায় বাঁধ ভাঙার বিষয়টি তারা শুনেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।