
নিউজ ডেস্কঃ মানব পাচারের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ৪৬১ ব্যক্তির ব্যাংক হিসাবের খোঁজে নেমেছেন গোয়েন্দারা। সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে দেশের সব ব্যাংককে ওই ৪৬১ জনের তালিকা পাঠিয়ে তাদের নামে কোনো হিসাব বর্তমানে বা পূর্বে পরিচালিত হলে তার তথ্য পাঠাতে বলা হয়েছে। এসব ব্যক্তির নামে কোনো মোবাইল ব্যাংকিং হিসাব পরিচালিত হলেও তার তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিএফআইইউ সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব ব্যক্তির তালিকা বিএফআইইউতে পাঠিয়ে তাদের আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। মন্ত্রণালয় বিভিন্ন উৎস থেকে জেনেছে যে, ওইসব ব্যক্তি মানব পাচারের সঙ্গে সম্পৃক্ত। এমনকি তাদের মধ্যে কেউ কেউ মানব ও মাদক পাচারের গডফাদার। মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী বিএফআইইউ ব্যাংকগুলোকে তালিকাসহ চিঠি দিয়েছে।
বিএফআইইউ থেকে পাঠানো তালিকায় যেসব নারী-পুরুষের নাম রয়েছে, তাদের অধিকাংশেরই বাড়ি টেকনাফ ও কক্সবাজার এলাকায়। কিছু রোহিঙ্গা নাগরিকের নামও রয়েছে তালিকায়। যাদের মধ্যে লেদা অনিবন্ধিত শরণার্থী শিবিরের এ, বি, সি, ডি ও ই ব্লকের কয়েক ব্যক্তি রয়েছে। আবার নিবন্ধিত শরণার্থী শিবিরের ব্যক্তিরাও রয়েছে। রয়েছে কক্সবাজার এলাকার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নামও। তাদের মধ্যে সংসদ সদস্য আবদুর রহমান বদির ছোট ভাই মৌলভী মুজিবুর রহমান, ভাগ্নে সাহেদুর রহমান নিপু, রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের নাম রয়েছে। রয়েছে মালয়েশিয়ায় বসবাসকারী কয়েক ব্যক্তির নামও। মালয়েশিয়ায় বসবাসকারীদের মধ্যে রয়েছে কক্সবাজারের আহমদ উল্লাহ, শফিউল আলম এবং টেকনাফের হামিদ ও রমজান।
সমুদ্রপথে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মানব পাচারের গল্প বেশ পুরনো। বছরের পর বছর ধরে কক্সবাজার এলাকার পাচারকারীরা দেশের বিভিন্ন এলাকার মানুষকে প্রলোভন দেখিয়ে পাচার করছে। মূলত মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে এই পথ ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশিদের পাশাপাশি রোহিঙ্গা নাগরিকও রয়েছে পাচারের তালিকায়। সমুদ্রপথে যাওয়ার সময় অনাহার, পানিশূন্যতা ও পাচারকারীদের নির্যাতনে অনেকে মারা যান। মানব পাচারের পাশাপাশি ওইসব ব্যক্তি মাদক পাচারেও সম্পৃক্ত। বিশেষ করে মিয়ানমার থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক তাদের মাধ্যমে দেশে আসছে।
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় গেছে ৫৩ হাজার জন। তার আগের বছর এই সংখ্যা ছিল ৩৩ হাজার। অভিবাসন ও মানব পাচারবিষয়ক দেশীয় গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটিং মুভমেন্টস রিসার্চ ইউনিট বা রামরু বলছে, স্থানীয় দালালরা বেশির ভাগ লোককে ভালো চাকরি ও ভালো বেতনের প্রলোভন দেখিয়ে পাচার করে।
পরে গভীর সমুদ্রে যাওয়ার পর এসব লোককে জিম্মি করে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকার পরিমাণ তিন লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। রামরুর হিসাবে, ২০১৪ সালে পাচারের সময় বাংলাদেশিদের মধ্যে ৫৪০ জন গভীর সমুদ্রে মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের মধ্যে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা প্রায় ৫০০ জন। একই জেলার ২৫০ জনের সন্ধান মিলেছে থাইল্যান্ডের বিভিন্ন কারাগারে। তিন হাজার ৫০০ পরিবারের অধিকাংশের কাছ থেকেই মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করেছে পাচারকারীরা।