News71.com
 Bangladesh
 15 Oct 16, 08:26 PM
 298           
 0
 15 Oct 16, 08:26 PM

কাজে লাগাতে হবে দক্ষিণ এশিয়ার অব্যবহৃত সম্ভাবনা: রাষ্ট্রপতি আব্দুল হামিদ

কাজে লাগাতে হবে দক্ষিণ এশিয়ার অব্যবহৃত সম্ভাবনা: রাষ্ট্রপতি আব্দুল হামিদ

নিউজ ডেস্কঃ  শুধু বহির্মুখী না হয়ে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষিণ এশিয়ার অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগাতে এ অঞ্চলের অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাজধানীতে আজ দক্ষিণ এশিয়া অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, “পুঁজি ও বাণিজ্যের বর্ধমান বৈশ্বিক প্রবাহের সুফল পেতে এ অঞ্চল বহির্মুখী হচ্ছে। তবে দক্ষিণ এশিয়ার ভেতরে আন্তঃআঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা থেকে সুফল পেতে এখনো অনেক সম্ভাবনা কাজে লাগানোর বাকি আছে। কাজেই আরও গতিশীল ও উদীয়মান দক্ষিণ এশিয়া গড়তে আরও সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়।”

বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অনুষ্ঠানে আবদুল হামিদ। “বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে নিম্ন মধ্য আয়ের দেশ থেকে উচ্চ মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে বিভিন্ন খাতে নিবিড় সহযোগিতা সরকারের এই লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে।”

এসময় জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দের লক্ষ্য পূরণেও দক্ষিণ এশীয় দেশগুলোর একসঙ্গে কাজ করা দরকার বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন “আমরা এমন একটা দক্ষিণ এশিয়া চাই যেখানে কোনো দারিদ্র্য থাকবে না, যেখানে সম্মানজনক পেশা ও কাজের সুযোগ থাকবে, যেখানে থাকবে সম্পদের সুষম বণ্টন এবং সরকার হবে অংশগ্রণমূলক; যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাস করবে। এমন একটি দক্ষিণ এশিয়া গড়তে আমাদের প্রয়োজনীয় জ্ঞান ও উপকরণ একত্র করতে হবে।”

হোটেল লো মেরিডিয়ানে দুই দিনব্যাপী নবম সাউথ এশিয়া ইকনোমিক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান, সাউফ এশিয়া সেন্টার ফর পলিসি স্টাডিজের চেয়ার দীপক নাইয়ার, নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি গাউছান থাকালি, শ্রীলঙ্কার স্পেশাল অ্যাসাইনমেন্ট মিনিস্টার সারাথ আমুনুগুমা, পাকিস্তানের এমপি রানা মুহাম্মদ ও সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন অনুষ্ঠানে বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন