News71.com
 Bangladesh
 15 Oct 16, 06:22 PM
 333           
 0
 15 Oct 16, 06:22 PM

দেশে পর্যাপ্ত অবেদনবিদ নেই : স্বাস্থ্য অধিদপ্তর

দেশে পর্যাপ্ত অবেদনবিদ নেই : স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেছেন, দেশে পর্যাপ্ত অ্যানেসথেসিওলজিস্ট (অবেদনবিদ) নেই। হাসপাতালগুলোতে যে-সংখ্যক অবেদনবিদ প্রয়োজন, তা নেই। তবে পর্যাপ্ত পরিমাণে মানসম্মত ও প্রশিক্ষণপ্রাপ্ত অবেদনবিদ তৈরির জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে এক গোলটেবিল আলোচনায় তিনি এই তথ্য জানান। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্ট (বিএসএ) ১৭০তম বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস উপলক্ষে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।

আবুল কালাম আজাদ বলেন, সারা দেশে অবেদনবিদ আছেন ১ হাজার ৫৭৫ জন। এর মধ্যে সরকারি অবেদনবিদ ৯৪৯ জন এবং বেসরকারি অবেদনবিদ ৬২৬ জন। তিনি বলেন, ‘দুই মাস আগেও এ সংখ্যা ছিল ১ হাজার ৪০৪। দেশের বিভিন্ন জেলা, উপজেলার হাসপাতালগুলোতে যত সার্জন আছেন, সেই পরিমাণে অ্যানেসথেসিওলজিস্টের পদ নেই। তবে পদ সৃষ্টি করা হচ্ছে। ২০৩০ সালে কেউ বলতে পারবে না যে দেশে পর্যাপ্ত মানসম্মত অ্যানেসথেসিওলজিস্ট নেই।’

পর্যাপ্ত মানসম্মত অবেদনবিদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিশেষায়িত অবেদনবিদ প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘অস্ত্রোপচারের আগে, অস্ত্রোপচারের সময় ও পরে—এই তিন গুরুত্বপূর্ণ সময়ে অবেদনবিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের আরও অবেদনবিদের প্রয়োজন। প্রয়োজন বিশেষায়িত শিশু ও নবজাতক অবেদনবিদ বিশেষজ্ঞের।’

এ সময় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান বলেন, চিকিৎসাসেবায় কে কোন বিষয়ে বিশেষজ্ঞ হবেন, তাতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে কোনো বিষয়ে অনেক বেশি বিশেষজ্ঞ, আবার কোনো বিষয়ে বিশেষজ্ঞের সংখ্যা খুবই কম। তিনি বলেন, দেশে অবেদনবিদের সংখ্যা বাড়াতে হলে তাঁদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন