
নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামিলীগ : ইতিহাস, গৌরব, ঐতিহ্য’ শীর্ষক এক সেমিনারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়। বাংলাদেশের প্রতিটি ইতিহাসের সঙ্গে রয়েছে আওয়ামী লীগের নাম। তিনি বলেন, আওয়ামী লীগ পরনির্ভরশীল কোনো দল নয়, এটা তৃণমূল নির্ভরশীল দল। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ।
সেমিনারে সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার বর্তমান সরকারকে সবচেয়ে গণমাধ্যমবান্ধব সরকার বলে উল্লেখ করেন। তিনি বলেন, কোনো ভোটের হিসাব-নিকাশ নয়, আওয়ামী লীগ যে অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি করে, সেটা বজায় রাখতে হবে। এটা নিয়ে কোনো রকম আপস করা চলবে না।
অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, নাগরিক সমাজের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বাড়ছে। তিনি এই দূরত্ব কমনোর ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর রশীদ ১৯৪৯ সাল থেকে ২০১৬ পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস, সংগ্রাম ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য আমীর-উল-ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ জ ম শফিউল আলম ভূঁইয়া, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।