
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেনীর বিলোনিয়া সীমান্তবর্তী মুহুরীর চরের সীমানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিরোধ দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমেই শিগগিরই মীমাংসা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে মুহুরীর চর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সীমান্তে মানুষ হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলাপ হয়েছে। সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফের মধ্যে দফায় দফায় বৈঠক শেষে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে। এই হত্যাও শিগগিরই বন্ধ হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এ ছাড়া স্বাধীনতার পর ইন্দিরা-মুজিব চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেগুলো বাস্তবায়িত হয়েছে। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং তারা সব সময় আমাদের পাশে থাকে। ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব চুক্তি এ সরকারের আমলেই বাস্তবায়ন হবে।
এ সময় ফেনী-২ (ফেনী সদর) আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহাপরিচালক আজিজ আহমেদ, যুগ্ম সচিব দীপক চক্রবর্তী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুর পৌনে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার যোগে পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে বিলোনিয়া সীমান্তের মজুমদারহাট সীমান্ত চৌকিতে যান। পরে তিনি মুহুরীর চর এলাকা পরিদর্শন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তে জেগে ওঠা মুহুরীর চরের আয়তন ৯২ দশমিক ১৪ একর। এ চর নিয়ে ২০১১ সালের ৮ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত উভয় দেশের ভূমি মন্ত্রণালয়ের মধ্যে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। ৯২ দশমিক ১৪ একরের মধ্যে বাংলাদেশ পায় ৭১ দশমিক ৯৪ একর এবং ভারত পায় ২০ দশমিক ২০ একর। সর্বশেষ গত ২০১৪ সালের ১৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পুনরায় উভয় দেশের জরিপ বিভাগ জরিপ কার্যক্রম পরিচালনা করে।