
নিউজ ডেস্ক : দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার তাঁকে বরখাস্ত করা হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বরখাস্ত হওয়া ওই কর্মকর্তার নাম মো. নাসির উদ্দিন আহমেদ। তিনি দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের (সজেকা) সাবেক সহকারী পরিচালক (বর্তমানে সজেকা ফরিদপুরে কর্মরত)।
দুদক সূত্র জানায়, ভুয়া নামজারিসংক্রান্ত একটি অভিযোগের অনুসন্ধান করার দায়িত্ব পান ওই কর্মকর্তা। ৮৪টি নামজারির অভিযোগের মধ্যে মাত্র পাঁচটিতে মামলা করার সুপারিশ করলেও ৭৯টি অভিযোগের বিষয়ে তিনি সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেন।
এ বিষয়ে দুদক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও চলবে বলে দুদক জানিয়েছে।